
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে অবৈধভাবে বিনা পাসপোর্টে দেশে আসার সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে দেশে আসার সময় আটক দুই বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার দুপুরে সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে গতকাল সোমবার রাত ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে অবস্থিত বিএসএফের পুরানগাঁও ক্যাম্পের টহল দল তাঁদের আটক করে। বিজিবি জানিয়েছে, ফেরত আসা দুই ব্যক্তি হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দক্ষিণ বৈরচুনা গ্রামের মাজেদুর রহমান (৩৬) ও নওগাঁর রানীনগর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের রানা সরদার (৩১)। এ বিষয়ে পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ বৈরচুনা বিওপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে বিএসএফের আহ্বানে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বৈরচুনা বিওপি ক্যাম্প কমান্ডার ও পুরানগাঁও বিএসএফ ক্যাম্প কমান্ডারের মধ্যে দোপাইল নামক স্থানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, বিজিবি ওই দুই বাংলাদেশিকে পীরগঞ্জ থানায় সোপর্দ করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৪: ৩৫
Source: https://www.prothomalo.com/bangladesh/district/na8x2emo6v
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!