
বর্তমানে সাইবার হুমকির সংখ্যা বাড়ার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার নজরদারিও কঠোর হচ্ছে। আর তাই সাইবার নিরাপত্তার ওপর নির্ভর করাও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। তবে ৯৫ শতাংশ প্রতিষ্ঠানই তাদের সাইবার নিরাপত্তা সরবরাহকারীদের ওপর সম্পূর্ণভাবে আস্থা রাখতে পারছে না। ‘সাইবার সিকিউরিটি ট্রাস্ট রিয়েলিটি ২০২৬’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সফোস।
আজ মঙ্গলবার সফোসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক এ গবেষণায় সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারীদের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের নির্ভরতার বিষয়টি যাচাই করা হয়েছে। গবেষণায় ১৭টি দেশের ৫ হাজার প্রতিষ্ঠানের মতামত পর্যালোচনা করে সাইবার নিরাপত্তায় নির্ভরতার ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের তথ্য তুলে ধরা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ প্রতিষ্ঠান অর্থাৎ বেশির ভাগ প্রতিষ্ঠানই তাদের সাইবার নিরাপত্তা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে না। ৭৯ শতাংশ প্রতিষ্ঠান নতুন সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা মূল্যায়নে সমস্যায় পড়ে। ৫১ শতাংশ প্রতিষ্ঠান এই আস্থার অভাবে বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকি নিয়ে বেশি উদ্বিগ্ন।
গবেষণার তথ্যমতে, সাইবার নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ায় এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর তাই সাইবার নিরাপত্তা খাতের প্রধান কর্মকর্তারা বেশি গুরুত্ব দেন স্বচ্ছতা ও প্রযুক্তিগত কার্যক্ষমতায়। অন্যদিকে, শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বেশি গুরুত্ব দেন নিরাপত্তা যাচাই ও সনদের বিষয়ে।
Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২: ৩৩
Source: https://www.prothomalo.com/technology/cyberworld/ibynb9ursp
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!