
এসইউভি শ্রেণিতে এক চার্জে ৪৮৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে এসেছে আইয়ন।
জ্বালানি সমস্যায় সারা পৃথিবীতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ও ব্যবহার বেড়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারেও আসছে নিত্যনতুন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের হালনাগাদ সংস্করণের গাড়ি। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) শ্রেণিতে এক চার্জে ৪৮৫ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার নতুন বিলাসবহুল গাড়ি নিয়ে এসেছে জিএসি মোটরসের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আইয়ন। গাড়িটির মডেল আইয়ন ভি। রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘ঢাকা মোটর শো’তে জিএসি মোটরসের আনুষ্ঠানিক পরিবেশক ডিএইচএস মোটরস গাড়িটি প্রদর্শন এবং বিক্রির জন্য অবমুক্ত করে। আইয়নের অন্য আরেকটি মডেলের এসইউভিও প্রদর্শনীতে উন্মোচন করা হয়, যার মডেল আইয়ন ওয়াই। এটি প্রতি চার্জে ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আইয়ন ভি গাড়িটিতে ১০০ কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, যা ২৪০ নিউটন মিটার (এনএম) টর্ক উৎপাদন করতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। পাঁচ আসনের এই গাড়ির টার্নিং রেডিয়াস (পুরো গাড়ি ঘোরানোর জায়গা) মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার। মাটি থেকে গাড়িটির উচ্চতা ১৬৬ মিলিমিটার। এর পেছনে ৪২৭ লিটারের বুট স্পেস (মালামাল রাখার জায়গা) রয়েছে, যা মাঝের দুই আসনে ভাঁজ করে ৯৭৮ লিটার পর্যন্ত বাড়ানো যায়। গাড়িটির ছাদেও ৭৫ লিটার পর্যন্ত মালামাল বহন করা যাবে। ব্রেকিং সিস্টেমে চার চাকায় মিলবে ডিস্ক ব্রেক। ৭৫ দশমিক ২৬ কিলোওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহারের কারণে চার্জ ধারণক্ষমতাও প্রশংসনীয়। ৬ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির চার্জারের মাধ্যমে শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ করতে গাড়িটির সময় লাগবে মাত্র ২৪ মিনিট। এ ছাড়া সাধারণ চার্জারের মাধ্যমে ১২ দশমিক ৬ ঘণ্টাতে গাড়িটিতে পূর্ণ চার্জ করা যাবে। ১৯ ইঞ্চি অ্যালয় চাকা, এলইডি হেডলাইট, লুক্কায়িত দরজার হাতল, বৈদ্যুতিক প্যানোরামিক সানরুফ, চারভাবে সমন্বয়কৃত স্টিয়ারিং হুইল, চামড়ায় মোড়ানো আসন, ছয়ভাবে সমন্বয়কৃত চালকের আসন, যা প্রথম সারির যাত্রীর জন্য রয়েছে চারভাবে সমন্বয় করার ব্যবস্থাসহ টায়ার মনিটরিং সিস্টেম এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা গাড়িটিতে সব ধরনের আধুনিক সুযোগ–সুবিধা যুক্ত করেছে। আইয়ন ভিতে চালক এবং প্রথম সারির যাত্রীর জন্য সিট মেমোরি, মেসেজ অপশনসহ ��সন, দ্বিতীয় আসনে ট্রে টেবিল, দ্বৈত শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা, স্বয়ংক্রিয় ব্যাক ডালা, কার রেফ্রিজারেটর, গাড়ির অভ্যন্তরে বাতাস বিশুদ্ধকরণের জন্য ২ দশমিক ৫ ফিল্টার, তারবিহীন ফোন চার্জার, অ্যাম্বিয়েন্ট লাইট, ৮ দশমিক ৮ ইঞ্চির চালকের জন্য তথ্যসমৃদ্ধ ডিসপ্লে, ১৪ দশমিক ৬ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ৯টি স্পিকার, অনলাইন নেভিগেশন, ইন-কার ওয়াই–ফাই, মুঠোফোনের মাধ্যমে পুরো গাড়ির নিয়ন্ত্রণসহ হালনাগাদ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। নিরাপত্তার জন্য গাড়িটিতে ছয়টি এয়ারব্যাগ, ইএসপি, এবিএস, ইবিডি, এইচবিএ, এইচএইচসি ও এইচডিসি রয়েছে। চালককে সহযোগিতা করার জন্য এসিসি, এইবি, আইসিএ, এফসিডব্লিউ, এলডিডব্লিউসহ সব সুবিধা রয়েছে। আর্কটিক হোয়াইট এবং মুনলাইট বেজ—এই দুই রঙে গাড়িটি দেশের বাজারে মিলবে। বৈদ্যুতিক যন্ত্রাংশের জন্য আট বছর বা দুই লাখ কিলোমিটার (যেটা আগে আসে) এবং অন্যান্য পার্টসের জন্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিক্রয়োত্তর সেবা মিলবে। প্রদর্শনীতে গাড়িটির মূল্য ৬২ লাখ টাকা। ৪৩০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ক্ষমতাসম্পন্ন আইয়ন ওয়াইয়ের মূল্য ৫০ লাখ টাকা। এ ছাড়া প্রদর্শনীতে জিএসি মোটরসের বিলাসবহুল এমপিভি ই৯ গাড়িটি প্রদর্শন এবং বিক্রির জন্য উন্মুক্ত রয়েছে। প্লাগ–ইন–হাইব্রিড শ্রেণিতে এই এমপিভির মূল্য ১ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। এসইউভি ক্যাটাগরিতে জিএসি মোটরসের অন্য দুটি গাড়ির মূল্য যথাক্রমে ৪০ এবং ৪৫ লাখ টাকা।Published: প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০: ৪১
Source: https://www.prothomalo.com/technology/automobiles/97t9crf8xb
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!