
আজ বুধবার সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শিক্ষা, কৃষি গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ চায় ক্ষেত্রগুলো আরও বাড়ুক। এ জন্য দরকার সম্পর্ক উন্নয়নের। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আরও উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ।
আজ বুধবার সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন একটি দল গত সোমবার ঢাকায় এসেছে। গতকাল মঙ্গলবার সকালে দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে প্রথম বৈঠক করে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় থাকবে দলটি।
বৈঠক শেষে রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হলো কি না। জবাবে তিনি বলেন, ‘চুক্তিতে কিছু বিষয় থাকে, যেগুলো আমরা দেখছি দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় হিসেবে। আমরা চাই যে সম্পর্ক আরও উচ্চতায় যাক। যেকোনো রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিকভাবে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হলে সেগুলোকে সম্মান জানাতে হয়।’
রাশেদ আল মাহমুদ তিতুমীর আরও বলেন, ‘যে চুক্তির মধ্যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে, সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে বাংলাদেশের স্বার্থকে আমরা আরও এগিয়ে নিতে চাই। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার। আমরা চাই এ বাজার আরও বাংলাদেশি পণ্যের বাজার হোক।’
ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘আমরা অনেক পণ্য নিয়ে কথা বলেছি। নির্দিষ্ট করে বললে ওষুধ। আর অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও আমি বিভিন্ন দেশ সফর করছি এবং আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়।’
Published: আপডেট: ০৬ মে ২০২৬, ১৩: ১৬
Source: https://www.prothomalo.com/business/economics/behl7p1dgg
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!