
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ভিন্নধর্মী এক প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেন্ডে নিজেদের বর্তমান সময়ের ছবির পাশে শৈশবের ছবি বসিয়ে নতুন ছবি তৈরি করে প্রকাশ করছেন অনেকে। এই ট্রেন্ডের মাধ্যমে মূলত পুরোনো ছবি পোস্ট করার পরিবর্তে বিভিন্ন এআই টুলের মাধ্যমে জীবনের দুটি ভিন্ন সময়কে একই ফ্রেমে নিয়ে আসছেন ব্যবহারকারীরা। অধিকাংশ ছবিতে দেখা যায়, বর্তমানের মানুষটি তাঁর ছোটবেলার নিজের দিকে তাকিয়ে আছেন। কখনো হাসিমুখে, কখনো নীরব মনোযোগে। এই ছোট মুহূর্তই ছবিগুলোকে আলাদা মাত্রা দিচ্ছে।
‘মিট ইয়োর ইয়াঙ্গার সেলফ’ বা নিজের ছোটবেলার সঙ্গে দেখা করার এই ট্রেন্ডের মূল বিষয় হলো ব্যবহারকারীর অতীত ও বর্তমানকে একটি ফ্রেমে উপস্থাপন করা। ব্যবহারকারী তাঁর বর্তমান সময়ের একটি ছবি ও ছোটবেলার একটি ছবি আপলোড করবেন এবং এআই সেগুলোকে মিলিয়ে একটি বাস্তবসম্মত দৃশ্য তৈরি করে দেবে। এই ছবিগুলোর বেশির ভাগই দেখতে একদম স্বাভাবিক মনে হয়। কোথাও দেখা যায়, দুজন একসঙ্গে বসে আছে। আবার কোথাও আয়নার সামনে বা স্টুডিওর পরিবেশে ছবিগুলো তৈরি করা হয়।
এ ধরনের ছবি তৈরি করতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। প্রথমে সাম্প্রতিক তোলা একটি ছবি নির্বাচন করতে হবে, যেখানে মুখাবয়ব স্পষ্টভাবে দেখা যায়। তারপর এমন একটি ছোটবেলার ছবি বেছে নিতে হবে, যেটা সহজে চেনা যায়। ছবিগুলো নির্বাচনের পর চ্যাটজিপিটির ইমেজ টুল বা অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্মে ছবিগুলো ব্যবহার করতে হবে। এরপর একটি নির্দিষ্ট ও স্পষ্ট নির্দেশনা বা প্রম্পট দিতে হবে।
দৃশ্যের পরিবেশ, অবস্থান, ভঙ্গি ও আলোর ধরন যত স্পষ্টভাবে বর্ণনা করা হবে, ফলাফল ততই উন্নত হবে। প্রথমবারে কাঙ্ক্ষিত ফল না মিললে প্রম্পটে পরিবর্তন এনে একাধিকবার চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন ব্যবহারকারীরা।
সূত্র: টেকলুসিভ
Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭: ০৫
Source: https://www.prothomalo.com/technology/artificial-intelligence/dcezq3j0nq
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!