
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়া একটি বড় পাঙাশ মাছ ৭১ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ মঙ্গলবার সকালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ওজনের মাছটি উপজেলার দৌলতদিয়া এলাকার বাজারে নিলামে তুলে প্রথমে ৭০ হাজার টাকায় কেনা হয়। পরে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে এক হাজার টাকা লাভে বিক্রি করা হয়।
জেলেরা জানান, ভোরে পদ্মা নদীর মোহনায় ঘাইরা বেড় জাল ফেলেন এরশাদ শেখ নামের এক জেলে। সকাল সাড়ে ছয়টার দিকে জালে বড় মাছ আটকা পড়ার আভাস পান। জাল টেনে তুললে দেখা যায় বড় আকারের একটি পাঙাশ। পরে সকাল সাতটার দিকে মাছটি নিয়ে দৌলতদিয়া ঘাটসংলগ্ন মাছবাজারে আনা হয়। সেখানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন প্রায় ২৫ কেজি।
আড়তদার রেজাউল মণ্ডলের আড়তে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। তিনি প্রতি কেজি ২ হাজার ৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কেনেন। পরে ভিডিও কলে দেখিয়ে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক ব্যবসায়ীর কাছে ৭১ হাজার টাকায় বিক্রি করেন।
চান্দু মোল্লা ব��েন, এ মৌসুমে বড় কাতলা মাছ মাঝেমধ্যে ধরা পড়লেও এত বড় পাঙাশ এবারই প্রথম। মাছটি আজ দুপুরে মোটরসাইকেলে কুষ্টিয়ায় পাঠানো হয়। এর আগে সর্বোচ্চ ১৮ কেজি ওজনের একটি পাঙাশ বাজারে উঠেছিল।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক জানান, শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় বড় আকারের মাছ সহজে ধরা পড়ে। তবে পানি বাড়লে এ ধরনের মাছ সচরাচর ধরা পড়ে না। পদ্মার বড় মাছ জেলে, ব্যবসায়ী ও ভোক্তা—সবার জন্যই ইতিবাচক খবর।
Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০: ২১
Source: https://www.prothomalo.com/bangladesh/district/ig8lu426nj
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!