
দেশে সফলতার পর বিদেশের প্রেক্ষাগৃহেও বাজিমাত করে চলছে আফরান নিশো ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘দম’। ইতিমধ্যে নিউইয়র্ক, টরন্টো ও সান ফ্রান্সিসকোতে তৃতীয় সপ্তাহে গড়িয়েছে ছবিটি। অন্যান্য শহরেও সাফল্য অব্যাহত আছে, এ সপ্তাহে যুক্ত হচ্ছে বেশ কিছু শহর। আজ বুধবার এক ফেসবুক পোস্টে খবরটি জানিয়েছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক ও বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।
এক ফেসবুক পোস্টে রাজ হামিদ জানান, আগামী শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতেও মুক্তি পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। ফেয়ারফ্যাক্সের সিনি আর্টস থিয়েটারে ৩ মে বিকেল ৪টা ৩০ মিনিটে একটি বিশেষ প্রদর্শনী হবে। এ আয়োজনের তত্ত্বাবধানে রয়েছে ‘বাংলা ইভেন্টস’, টিকিট পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহর—সিয়াটল, সান ডিয়েগো, রেনো, অরল্যান্ডো, বাফেলো ও স্যাক্রামেন্টোতে এককালীন (ওয়ান-অফ) শোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
এবার প্রথমবারের মতো সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াতেও যাচ্ছে ‘দম’। ফ্রেসনো, মার্সেড ও মোডেস্টো অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে ফ্রেসনোর মায়া সিনেমাসে ছবিটির প্রদর্শনীর প্রস্তুতি চলছে। শিগগিরই শোটাইম ঘোষণা করা হবে। এ ছাড়া দর্শকদের দীর্ঘদিনের চাহিদার পরিপ্রেক্ষিতে সান ফ্রান্সিসকোর আশপাশের এলাকাতেও ‘দম’ নিয়ে যাওয়া হচ্ছে। পিটার্সবার্গে মায়া সিনেমাসে আগামী শুক্রবার থেকে ছবিটি প্রদর্শিত হবে।
নিজের শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে রাজ হামিদ লেখেন, অপারেশনের পর কাজ চালিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। তবে দর্শকদের ভালোবাসাই তাঁকে সাহস জুগিয়েছে।
রাজ হামিদ বলেন, ‘রেদওয়ান রনি ও আফরান নিশোর প্রতি আস্থা ছিল, তবে শেষ পর্যন্ত ভরসা রেখেছিলাম দর্শকদের ওপর। তাঁরা সেই আস্থা রেখেছেন।’ বিদেশে বাংলা সিনেমার এই সাফল্য ধরে রাখতে দর্শকদের পাশে থাকার আহ্বানও জানান তিনি।
Published: প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭: ২১
Source: https://www.prothomalo.com/entertainment/dhallywood/jwhy12tlwr
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!