
অবশেষে মুক্তি পাচ্ছে তামিল তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’। দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকার পর ছবিটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে।
অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা ‘জন নায়গন’। দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকার পর ছবিটির নতুন মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমা আগামী ৮ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। খুব শিগগির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কেভিএন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘জন নায়গন’ কয়েক দিন আগে অনলাইনে ফাঁস হয়ে যায়, প্রথমে কিছু দৃশ্য ও গানের অংশ ফাঁস হওয়ার পর অল্প সময়ের মধ্যেই পুরো ছবির এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর তাতে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রযোজকদের অভিযোগের ভিত্তিতে প্রথমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এপর আরও তিনজনকে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম উইং। সাইবার ক্রাইম উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা ছবিটি সংগ্রহ ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে, পুরো ঘটনার মূল হোতা একজন ফ্রিল্যান্স অ্যাসিস্ট্যান্ট এডিটর। তিনি অন্য একটি ছবির কাজে যুক্ত ছিলেন। তিনি এডিটিং স্টুডিও থেকে অবৈধভাবে ‘জন নায়গন’–এর রিলসে প্রবেশাধিকার পান এবং সেখান থেকে ফুটেজ চুরি করেন। ছবির এই পাইরেসি বক্স অফিসে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে থালাপতি বিজয়ের তারকাখ্যাতি ছবিটিকে প্রথম সপ্তাহে বড় শুরু এনে দিতে সক্ষম—এমনটাই ধারণা বক্স অফিস বিশ্লেষকদের। তা ছাড়া এটি বিজয়ের ক্যারিয়ারের শেষ ছবি হওয়ায় শুরুতেই দর্শকের আগ্রহ ও সংগ্রহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ছবিটি ইতিবাচক সাড়া পেলে তামিলনাড়ুতে বক্স অফিসের রেকর্ডও ভেঙে দিতে পারে। এ ছাড়া তামিলনাড়ুর নির্বাচনের ফলাফলের পর ছবিটি মুক্তি পাচ্ছে—বিজয় ও তাঁর রাজনৈতিক দলের ফলাফলও বক্স অফিস পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। ছবিতে বিজয়কে দেখা যাবে সাবেক এক পুলিশ কর্মকর্তার ভূমিকায়। প্রধান খলনায়ক হিসেবে আছেন ববি দেওল, আর বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। আরও অভিনয় করেছেন মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারায়ণসহ অনেকে। এর আগে ছবিটি পঙ্গল-এ মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়, যদিও বিশ্বজুড়ে ছবিটির অগ্রিম বুকিং ১০০ কোটির বেশি হয়েছিল। ছবিটি ৪০০ থেকে ৫০০ কোটি রুপির বিশাল বাজেটে নির্মিত হয়েছে। পিঙ্কভিলা অবলম্বনেPublished: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৫: ৩০
Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/0rpn5w6jag
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!