
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হারুনুর রশিদ নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রশিদ মোল্লার ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, জমিসংক্রান্ত বিরোধের জেরে গতকাল সোমবার বিকেলে চরলক্ষ্মী গ্রামে হারুনুর রশিদের বড় ভাই মালদ্বীপপ্রবাসী মঞ্জু মোল্লাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে থানায় মামলা করতে গেলে হারুনুর রশিদকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর ভগ্নিপতি নুর মোহাম্মদ দাবি করেন, হারুনুর রশিদের বিরুদ্ধে মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, হারুনুর রশিদকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তিনি একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিশেষ করে সংশ্লিষ্ট ইউনিয়নে তাঁর নেতৃত্বে মশালমিছিল করার ঘটনায় করা মামলায় তিনি অভিযুক্ত। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬: ১৭
Source: https://www.prothomalo.com/bangladesh/district/jmhhunwrcs
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!