
ইলন মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের তৈরি ফ্যালকন ৯ রকেটের একটি পরিত্যক্ত অংশ প্রচণ্ড গতিতে চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় চার টন ওজনের পরিত্যক্ত অংশটি আগামী ৫ আগস্ট প্রায় ২ দশমিক ৪৩ কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। বিজ্ঞানীদের ধারণা, চাঁদের বিখ্যাত আইনস্টাইন ক্রেটার বা গহ্বরের ঠিক প্রান্তসীমায় আছড়ে পড়বে স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশটি। অপ্রত্যাশিত এই দুর্ঘটনার কারণে চাঁদের কোনো ক্ষতি হবে না।
বিজ্ঞানীদের তথ্যমতে, পরিত্যক্ত অংশটি ফ্যালকন ৯ রকেটের দ্বিতীয় স্তর, যা গত বছরের জানুয়ারিতে ব্লু ঘোস্ট মিশন ১ উৎক্ষেপণের সময় ব্যবহার করা হয়েছিল। চাঁদে অভিযান শেষে পরিত্যক্ত অংশটি পৃথিবী ও চাঁদের মাঝখানে উপবৃত্তাকার কক্ষপথে থেকে যায়। পরে পৃথিবী, চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুটির কক্ষপথ বারবার পরিবর্তিত হতে থাকে। প্রজেক্ট প্লুটোর দেওয়া তথ্য অনুযায়ী, এই মহাকর্ষীয় টানেই শেষ পর্যন্ত পরিত্যক্ত অংশটি চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে।
আইনস্টাইন ক্রেটার চাঁদের দৃশ্যমান এবং অদৃশ্যমান অংশের মাঝামাঝি জায়গায় অবস্থিত। আর তাই স্থানটি সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ রয়েছে বিজ্ঞানীদের। স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশ আছড়ে পড়ার সময় স্থানটিতে সূর্যের আলো থাকবে। আর তাই বিজ্ঞানীরা লুনার রিকনাসেন্স অরবিটার ব্যবহার করে আঘাত হানা স্থানটির উন্নতমানের ছবি তোলার পরিকল্পনা করছেন। এই পর্যবেক্ষণের মাধ্যমে তাঁরা চাঁদের মাটির গভীরতা এবং সংঘর্ষের কারণে মাটি ছিটকে পড়ার ধরন নিয়ে গবেষণা করবেন। চাঁদে এ ধরনের তথ্য জানার জন্য অত্যন্ত ব্যয়বহুল অভিযান চালাতে হয়।
স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটের পরিত্যক্ত অংশ চাঁদের পৃষ্ঠে আঘাত হানতে যাওয়ার ঘটনায় মহাকাশযান ব্যবস্থাপনায় বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আর তাই বর্তমানে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী অঞ্চলে থাকা পরিত্যক্ত রকেট স্তর বা যন্ত্রাংশগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাধারণত স্যাটেলাইট বা উপগ্রহগুলোকে মেয়াদ শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করিয়ে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু চাঁদের দিকে পাঠানো রকেটের যন্ত্রাংশগুলো প্রায়ই অনিশ্চিতভাবে কক্ষপথে ঘুরে বেড়ায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Published: প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯: ০৫
Source: https://www.prothomalo.com/technology/science/z52m54ut5y
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!