
মিরপুরে আগামী শুক্রবার সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।
তখনো বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেননি ফিল সিমন্স। রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে বাংলাদেশ সে সিরিজটি খেলেছিল কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে। সেই সিরিজেই টেস্টে নিজেদের ইতিহাসে স্মরণীয় সাফল্য পেয়েছিল বাংলাদেশ দল।
পাকিস্তানের বিপক্ষে আগের ১৩ টেস্টে যেখানে জয়ই ছিল না বাংলাদেশের, সেখানে পরপর দুই ম্যাচে জিতেছিল তারা, সেটাও পাকিস্তানের মাটিতে। ওই সিরিজের পর এবারই প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে দুই দল। শুক্রবার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এই ম্যাচ নিয়ে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ সিমন্স বলেছেন, ‘ওটা ইতিহাস (রাওয়ালপিন্ডিতে সিরিজ জয়)। সেই ইতিহাস চলে গেছে। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই, আমরা শুক্রবারের দিকে তাকিয়ে আছি, দেখা যাক কী হয়। আগে কী হয়েছে, তাতে এখন আর কিছু যায়–আসে না।’
তবে ওই সিরিজটা যে বাংলাদেশকে ভেতরে–ভেতরে আত্মবিশ্বাস জোগাবে, তা–ও স্বীকার করেছেন সিমন্স, ‘হ্যাঁ, মাথায় তো তা থাকবেই। এটা ভেতরে–ভেতরে আপনাকে প্রেরণা দেবে যে শেষ ম্যাচটা জিতেছেন। কিন্তু এখন এটা নতুন ম্যাচ, নতুন জায়গা। আমরা এখন বাংলাদেশে আছি, পাকিস্তানে নয়। ওসব পেছন ফেলে আমাদের এই ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে।’
চলতি বছর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ২–০ ব্যবধানে জিতেছিল তারা। এর পাশাপাশি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় কি এবারের প্রত্যাশাটা আরও বাড়িয়ে দিয়েছে? সিমন্সের উত্তর, ‘আমার মনে হয়, প্রত্যাশা ব্যাপারটার ৯৫ শতাংশই ড্রেসিংরুমের বাইরে। ড্রেসিংরুমে যারা আছে, তাদের চেয়ে আপনারা বা বাকি সবার প্রত্যাশা বেশি। আমরা নিজেদের প্রস্তুত করছি আর ম্যাচটা খেলার দিকেই তাকিয়ে আছি। আগের সিরিজ থেকে কোনো প্রত্যাশা তৈরি হলে সেটা আমাদের সাহায্য করবে না। আমরা তাই সেটা ড্রেসিংরুমের বাইরেই রাখছি।’
গত কয়েক মাসে বাংলাদেশ খেলেছে সাদা বলের ক্রিকেট। গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছে তারা। গত মাসেও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ওয়ানডে ও টি–টুয়েন্টি সিরিজ। এখন লাল বলে মানিয়ে নেওয়াটা কি কঠিন হবে?
সিমন্স তেমন মনে করেন না, ‘এটা অনেটাই মানসিক ব্যাপার। কয়েকজন তো সাদা বলের ক্রিকেট খেলেনি, তারা গত কয়েক মাস লাল বলেই খেলেছে। আমার মনে হয় পরিবর্তনটা সহজই হবে।’
Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯: ১৩
Source: https://www.prothomalo.com/sports/cricket/p96mssj9cp
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!