
বাংলাদেশ ফুটবল লিগে টানা দুই জয়ের পর আবারও হেরেছে মোহামেডান। আজ কুমিল্লায় বসুন্ধরা কিংসের বিপক্ষে ২–১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ ম্যাচে প্রথম গোলটি করেছিল মোহামেডানই।
১৫ ম্যাচ শেষে কিংস ১০ জয় আর ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহামেডান ছয়ে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ দশম মিনিটে সাদ উদ্দিনের পাস ডি–বক্সে ঢোকার মুখেই গ্লাভস–বন্দী করেন মোহামেডানের গোলকিপার সুজন হোসেন। ১৮ মিনিটে মোহামেডানের সৌরভ দেওয়ান গোলকিপার আনিসুর রহমানকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ১৩তম রাউন্ডে আরামবাগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই সৌরভ।
২৮ মিনিটে আর ভুল করেনি মোহামেডান। কিংসের রিমন হোসেন ও বিশ্বনাথ ঘোষকে ড্রিবল করে আলতো টোকায় বল বক্সের দিকে বাড়ান মোহামেডানের সাইফুল হোসেন। বল পেয়ে মুহুর্তেই পোস্টের কোনাকুনি দিয়ে জাল কাঁপান উজবেক মিডফিল্ডার মোজাফফরভ।
গোল হজমের পর আক্রমণে ধার বাড়ায় কিংস। তাতে গোলও পেয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। রাকিব হোসেনের পাস থেকে পাওয়া বল জালে ঠেলেই উদযাপনে মাতেন ফয়সাল আহমেদ। তার আগে ৪৪ মিনিটে এক ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হলুদ কার্ড দেখেন কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ।
বিরতির পর ৬১ মিনিটে মোহামেডানের এলোমেলো রক্ষণের কারণে সুযোগ পান কিংসের শাহরিয়ার ইমন, তবে সেটি তিনি পোস্টের বাইরে মেরে নষ্ট করেন। ৬৭ মিনিটে সুযোগ হারায় মোহামেডানও। বক্সে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে পেয়েও নিশানায় বল পাঠাতে পারেননি সৌরভ। এর এক মিনিট পর ফয়সালের পাস থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন গোমেজ। এ নিয়ে চলতি মৌসুমে লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করেছেন এই ব্রাজিলিয়ান।
দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২–২ গোলে ড্র করে আরামবাগ ক্রীড়া সংঘ। ব্রাদার্স ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সাতে আছে। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে আটে আরামবাগ।
Published: আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১২: ২৪
Source: https://www.prothomalo.com/sports/football/d9w8lqtjl3
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!