খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আহত অবস্থায় একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের তথ্যে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা বন বিভাগের বনপ্রহরী মো. হাসান বলেন, শান্তিপুর এলাকায় আহত অবস্থায় লজ্জাবতী বানরটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগ লজ্জাবতী বানরটি উদ্ধার করে। বানরটির চোখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে সেটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগের কার্যালয়ে লজ্জাবতী বানরটি রাখার মতো প্রয়োজনীয় পরিবেশ নেই। তাই নিরাপদ আশ্রয়ের জন্য সেটি পিটাছড়া এলাকায় স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে আবারও চিকিৎসার জন্য নিয়ে আসা হবে।
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ফরিদ মিঞা প্রথম আলোকে বলেন, ‘বানরটির চিকিৎসা চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটিকে সুস্থ করে তুলতে। সুস্থ হলে উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।’
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় রয়েছে লজ্জাবতী বানর। এটিকে ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়।
Published: আপডেট: ০৬ মে ২০২৬, ১০: ২৮
Source: https://www.prothomalo.com/bangladesh/district/iyfwx8a4il
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!