
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরের একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার তাজনিমারখোলা আশ্রয়শিবিরে (ক্যাম্প-২০ বর্ধিত) এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মরজান বেগম (৩৩)। তিনি বালুখালী (ক্যাম্প-১৯) আশ্রয়শিবিরের বাসিন্দা নুর মোহাম্মদের মেয়ে। প্রায় ১০ বছর আগে হাশেম উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। গতকাল বুধবার সন্ধ্যা থেকেই মারজান নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে ক্যাম্প-২০ আশ্রয়শিবিরের এস-৪ ও বি-৭ ব্লকের মধ্যবর্তী একটি জলাশয়ের পানিতে বোরকা পরা একজন নারীর মরদেহ ভাসতে দেখেন কয়েকজন রোহিঙ্গা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের ওয়ালাপালং পুলিশ ফাঁড়ির টহল দল। এরপর রোহিঙ্গা নারীদের সহযোগিতায় জলাশয় থেকে মরদেহটি তুলে আনা হয়।
ওয়ালাপালং ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আবু হানিফ বলেন, নিহত নারী আশ্রয়শিবিরের বাসিন্দা। তাঁর লাশ কীভাবে জলাশয়ে এল এর কারণ অনুসন্ধান করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, নিহত রোহিঙ্গা নারীর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৩৬
Source: https://www.prothomalo.com/bangladesh/district/81k5ns1r2k
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!