
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীর উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে পৃথক দুটি নোটিশ জারি করা হয়। ওই দুই নেতা হলেন রাজশাহী নগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম।
মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আরডিএ ভবনে টেন্ডার বাক্স–সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সংগঠনের নজরে এসেছে। ঘটনাটি দলের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই নেতাকে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম (জনি) ও সদস্যসচিব রফিকুল ইসলামের (রবি) কাছে সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কে মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলের ক্ষেত্রে কোনো ছাড় নেই। অন্যায় করলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর সাংগঠনিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, ভিডিও ফুটেজে দুজনকে শনাক্ত করে নোটিশ দেওয়া হয়েছে। আরও কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে আরডিএ ভবনে পুলিশের উপস্থিতিতে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। কয়েক মিনিট পর একই ভবনের চারতলা থেকে বাক্সটি উদ্ধার করা হয়। এ সময় ভবনের সামনে থাকা কয়েক যুবকের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি দল হঠাৎ ভবনে ঢুকে বাক্সটি নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে শাহমখদুম থানার কয়েকটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতা–কর্মীদের দেখা যায়।
ঘটনার পর আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান বলেন, দরপত্র বাক্সটি পুলিশের পাহারায় ছিল। কিছু উচ্ছৃঙ্খল যুবক এসে জোর করে বাক্সটি নিয়ে যান। পরে দুই মিনিটের মধ্যে ভবনের চারতলায় রেখে তাঁরা চলে যান।
আরডিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মশিউর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখনো মামলা করা হয়নি। চেয়ারম্যান রাজশাহীতে এলে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর টেন্ডারের বিষয়ে একটি মূল্যায়ন কমিটি আছে। তারা টেন্ডারের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরডিএ সূত্র জানায়, গত ২০ এপ্রিল কয়েকটি পরিত্যক্ত ও ব্যবহার অযোগ্য মালামাল নিলামে বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। আজ ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। নিলামে প্রায় ৪০০টি শিডিউল বিক্রি হয়েছিল। আরডিএ কর্মকর্তাদের ধারণা, নিলামে থাকা মালামালের মোট মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এদিকে ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন। সংগঠনটির কেউ এতে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৪: ৫৬
Source: https://www.prothomalo.com/bangladesh/district/xqzr27zbdd
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!