
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১০ মে। এর আগের দিন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রুয়েটের ১৫৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ভর্তি কার্যক্রম শেষে নবীনদের জন্য নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ও ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর সময়সূচি জানানো হয়। আজ সোমবার রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রুয়েটে ৩টি প্রকৌশল অনুষদের অধীন মোট ১৪টি বিভাগে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছে। এসব বিভাগের বিপরীতে মোট আসন আছে ১ হাজার ২৩০টি। এর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১৮০টি করে আসন রয়েছে। এ ছাড়া কয়েকটি বিভাগে ৬০টি এবং কিছু বিভাগে ৩০টি করে আসন আছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। গত ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন পরীক্ষায় অংশ নেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন। পরে ধাপে ধাপে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সুবিধার্থে এবারও ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল। এর মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্রের সুযোগ পেয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৪: ২১
Source: https://www.prothomalo.com/bangladesh/district/t3m53zkgaf
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!