
আগামীকাল কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জের বিপক্ষে ফর্টিস এফসির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। আগামীকাল কিংস অ্যারেনায় লিগে রহমতগঞ্জের বিপক্ষে ফর্টিস এফসির জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার। এ উপলক্ষে আজ ফর্টিস ক্লাব হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন মামুনুল। ফুটবল থেকে অর্জন ও প্রাপ্তি নিয়ে তিনি বলেন, ‘ফুটবল থেকে আমি অনেক কিছু পেয়েছি। নাম বলেন, খ্যাতি বলেন, অর্থ বলেন, ট্রফি বলেন, অর্জন বলেন—অনেক কিছু। এখন শুধু ঋণ শোধের পালা।’ পেশাদার ফুটবলে মামুনুলের শুরু ২০০৫ সালে ব্রাদার্সের হয়ে। জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ২০০৮ সালে। এরপর টানা এক যুগ ধরে জাতীয় দলের মাঝমাঠ সামলেছেন। ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়কও। দেশের হয়ে ৬৭টি ম্যাচ খেলে করেছেন তিন গোল। জাতীয় দলের জার্সি গায়ে মামুনুলের অন্যতম সাফল��য ২০১০ সালে ঘরের মাঠে অনূর্ধ্ব–২৩ দলের হয়ে এসএ গেমসে সোনা জয়। ২০২০ সালে বুরুন্ডির বিপক্ষে তিনি শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন। ঘরোয়া ফুটবলে মামুনুলের ক্যারিয়ার দুই দশকের বেশি সময়ের। ১১টি ক্লাবে খেলা এই মিডফিল্ডার শেখ জামালের হয়ে তিনটি লিগ শিরোপা ও দুটি ফেডারেশন কাপ জিতেছেন। এ ছাড়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ক্লাব অ্যাটলেটিকো ডি কলকাতার (এডিকে) হয়েও লিগ শিরোপা আছে। আবাহনী ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলার পর ক্যারিয়ারের শেষবেলায় নাম লিখিয়েছিলেন ফর্টিস এফসিতে। পুরো ক্যারিয়ারে ১৬টি ট্রফি জেতা এই ফুটবলার বিদায়বেলায় নিজের অপূর্ণতা হিসেবে তুলে ধরেছেন জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারের দুটি আক্ষেপকে, ‘সাফ ফুটবলে চ্যাম্পিয়ন না হতে পারা আমার বড় আক্ষেপ। আর এডিকেতে চ্যাম্পিয়ন টিমের মেম্বার হয়েও প্লেইং টাইম না পাওয়াটাও আক্ষেপ। এই দুইটা আক্ষেপ যত দিন বেঁচে থাকব, তত দিন থেকে যাবে।’ ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মামুনুল, ‘আমার (কোচিংয়ে) এ লাইসেন্সধারী কোর্স করা আছে, কোচিং করানোর সার্টিফিকেট আছে। ফুটবল ছাড়া থাকাটা আমার জন্য কষ্টের। স্পোর্টস আমাদের সবকিছু, বলতে গেলে ফুটবলই আমার সবকিছু।’ শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে খেলোয়াড় অধ্যায়ের ইতি টানবেন মামুনুল। তবে দেশের ফুটবলে তাঁর অভিজ্ঞতা সামনে অন্য ভূমিকায় দেখা যেতে পারে, এমন ইঙ্গিতই দিয়েছেন এই ফুটবলার।Published: আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১৩: ২০
Source: https://www.prothomalo.com/sports/football/ulj46apl7q
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!