
রাজধানীর লালমাটিয়ার সি ব্লকের ২/৬ বাড়ির গ্যালারি দ্য ইলিউশনসে ১ মে থেকে শুরু হয়েছে ‘অপরাজিতা’ নামে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী।
একগুচ্ছ গন্ধরাজ ফুটে আছে পরিপাটি করে সাজানো ফুলদানিতে। ফুটেছে রাতে। মনে হয় যেন তার সৌরভ পাওয়া যাবে কাছে গেলে। সবুজ পাতার সন্নিবেশে শুভ্র এই গন্ধরাজ গুচ্ছ বাস্তবে নয়, শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান ফুটিয়ে তুলেছেন তাঁর রঙে রেখায়। প্যাস্টেলে আঁকা ‘নিশীথে গন্ধরাজ’ নামের ছবিটি প্রদর্শিত হচ্ছে তাঁর সাম্প্রতিক শিল্পকর্মের প্রদর্শনীতে।
সমকালীন চিত্রশালা শিল্পাঙ্গন গ্যালারির আয়োজনে লালমাটিয়ার সি ব্লকের ২/৬ বাড়ির গ্যালারি দ্য ইলিউশনসে ১ মে থেকে শুরু হয়েছে ‘অপরাজিতা’ নামে শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, আলোচক ছিলেন শিল্পসমালোচক অধ্যাপক মঈনুদ্দিন খালেদ। প্রদর্শনীতে মোট ৩৫টি শিল্পকর্ম রয়েছে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। শেষ হবে ১৬ মে।
শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান সংগীতশিল্পী হিসেবেই স্বনামখ্যাত। তবে চারুশিল্পের চর্চাও করছেন তিনি দীর্ঘদিন ধরে। এটি তাঁর ১৭তম একক চিত্রকলা প্রদর্শনী। সে কারণে তাঁর কাজের সঙ্গে কলানুরাগী দর্শকদের পরিচয় নতুন নয়। এবারেও অধিকাংশ কাজই কাগজে প্যাস্টেল ও চারকোলে করা। কিছু আছে ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা। বরাবরের মতো এবারও বিভিন্ন প্রকারের ফুলকে তিনি তাঁর আঁকার প্রধান বিষয় করে তুলেছেন। আকার, আকৃতি, বর্ণে ফুলের সৌন্দর্য বিচিত্র ধরনের। আবার একই ফুল ফুলদানিতে একেক রকম করে সাজালে তার শোভা আরও বৈচিত্র্যময় হয়ে ওঠে। এসব বিবিধ কারণে ফুলের প্রতি মানুষের অনুরাগ কিছুতে কমে না। ইফ্ফাত আরা দেওয়ান তাঁর পুষ্পমুগ্ধতা গভীর নিষ্ঠা ও সৃজনশীলতায় বহু বছর ধরে দর্শকদের হৃদয়েও সঞ্চারিত করে চলেছেন চিত্রকলায়।
দর্শকেরা প্রদর্শনীতে দেখতে পাবেন গন্ধরাজ, অপরাজিতা, গোলাপের মতো পরিচিত ফুলের পাশাপাশি অনেক অচেনা ফুলের সমারোহ। ফুলের স্নিগ্ধ সৌন্দর্যের সঙ্গে স্মৃতিমেদুরতাও মিশিয়ে দিয়েছেন তিনি। এতে এক ভিন্ন মায়া–মমতার আবহ সৃষ্টি হয়েছে।
ফুল ছাড়াও কিছু ছবি ঘরোয়া দৃশ্যসংবলিত আর আছে গ্রামীণ নিসর্গের ছবি। ফুল ও প্রকৃতির সরল সৌন্দর্য দর্শকদের ভালো লাগবে।
শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা, শারীরিক ঝুঁকি এবং মানসিক স্থিতিস্থাপকতাকে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্মে তুলে আয়োজন করা হয়েছে ‘যত্ন ও জখম’ নামের এক ব্যতিক্রমী প্রদর্শনী। মে দিবস উপলক্ষে রাজধানীর জিগাতলার হাজারীবাগের আমিন ট্যানারির দ্বিতীয় তলায় কুন ক্রিয়েটিভ স্টুডিওতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী।
প্রদর্শনীটি কিউরেট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ইমাম মাহমুদ। ১ মে উদ্বোধনী দিনে প্রদর্শনীতে বিভিন্ন পেশার শ্রমিকেরাও অংশ নিয়েছেন। কুন ক্রিয়েটিভের সদস্য মোহাম্মদ জাহিদুল হক জানান, প্রথাগত শিল্প গ্যালারির সঙ্গে শ্রমজীবী মানুষের দূরত্ব কমাতে এবং শিল্পকে একটি সামাজিক ও নৈতিক ‘যত্ন-চর্চা’ হিসেবে তুলে ধরতেই এ আয়োজন।
অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রয়েছেন তানভীর ইমতিয়াজ, অন্তু মোদক, ফবিয়া তামান্না, এস এম শাহ আনিসুজ্জামান, শিমুল কুম্ভকার, প্রসেনজিৎ কুমার সাহা, আম্মার বিন আসাদ, মাশরুর মাহমুদ ও তারেক হাসান। ভাস্কর্য, আলোকচিত্র ও মিশ্র মাধ্যমের এই শিল্পকর্ম প্রদর্শনী শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে প্রদর্শনী।
নবীন শিল্পীদের এক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে রাজধানীর বনানীর এ ব্লকের ২৫ নম্বর সড়কের ১০০ নম্বর বাড়ির সাতোরি গ্যালারিতে। এ প্রদর্শনীও শুরু হয়েছে ১ মে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক রশিদ আমিন প্রদর্শনীটির উদ্বোধন করেন। চলবে ৮ মে পর্যন্ত। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
নবীন প্রজন্মের ১০ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমে করা শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফাহিমা জুনাইদ, ইপ্সিতা জাহিন, লিরা বড়ুয়া, মুনিজে মনজুর, নাদিয়া রশিদ, নওশিন, রাকিবা সুলতানা, সানজিদা শারমিন, তনিয়া মনিরা ও জাহীন ফারিয়া।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬: ২৫
Source: https://www.prothomalo.com/bangladesh/capital/b8t0nm23mf
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!