
প্রেম করে বিয়ের পর তারাগঞ্জে বাবার বাড়িতে এসে ১৫ দিন ধরে শিকলবন্দী ছিল কিশোরী। পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে।
মা–বাবার অসম্মতিতে পালিয়ে বিয়ে করেছিল এক কিশোরী। শ্বশুরবাড়িতে তিন মাসের সংসারও চলছিল স্বাভাবিকভাবেই। তবে মা–বাবার আশ্বাসে কয়েক দিনের জন্য সে বাড়িতে আসে। দুই দিনের মাথায় স্বামীর ঘরে ফিরে যেতে চাইলে পরিবারের বাধার মুখে পড়ে। একপর্যায়ে তাকে শিকল দিয়ে ঘরের ভেতরে বেঁধে রাখা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে আজ বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন ওই কিশোরীর শ্বশুর মজনু মিয়া। বিকেলে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শিকলবন্দী অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে মাহাবুব আলমের সঙ্গে তারাগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে মাহাবুবের হাত ধরে ঘর ছাড়ে ওই কিশোরী। বিয়ে করে শ্বশুরবাড়িতে তিন মাস সংসার করে। ১৩ এপ্রিল সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। ১৫ এপ্রিল থেকে তাকে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ‘ছেলে–মেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দিই। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি আমার বাড়িতে আসেন। আমরা তাঁদের আপ্যায়ন করি। তাঁরা মেয়ে–জামাইকে মেনে নেবে বলে তাঁদের মেয়েকে সঙ্গে নিয়ে যান। আমার ছেলে কয়েক দিন আগে তার বউকে আনতে শ্বশুরবাড়ি যায়। সেখানে গিয়ে আমাকে ফোন করে জানায়, তার বউকে শ্বশুর–শাশুড়ি ১৫ দিন ধরে লোহার শিকল দিয়ে বন্দী করে রেখেছে। আমাদের পরিবারে তাকে আর পাঠাবে না। মেয়েটাকে মারধরও করেছে। পরে আমি থানায় লিখিত অভিযোগ দিই।’ কিশোরীর বাবা বলেন, ‘ওই ছেলের তো কিছুই নাই। মোর বেটিক তো ভাতই খিলবার পাইবে না। ওই জন্যই মুই মোর বেটিক অকে দেম না। ওই জন্য মোর বেটিক মুই বাড়িত আটকে থুচুং।’ তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। কিশোরীর বর্তমান বয়স ১৭ বছর ৯ মাস। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, ‘শিকল বাঁধা অবস্থায় পাওয়ার কারণে তাকে উদ্ধার করে সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্র রংপুরে পাঠানো হয়েছে। ওই কিশোরীর তিন মাস আগে বিয়ে হলেও তার বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে রেজিস্ট্রেশন হয়নি। ১৮ বছর হতে এখনো তিন মাস বাকি। তিন মাস সে শিশু পুনর্বাসন কেন্দ্রেই থাকবে।’Published: প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৬: ০৩
Source: https://www.prothomalo.com/bangladesh/district/yir9um19y8
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!