
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণে ব্যবসায়ীদের বিশেষ ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চামড়া খাতের পুরোনো ঋণখেলাপিদের ক্ষেত্রে কিস্তি আদায়ে শর্ত শিথিল করা হয়েছে, যাতে তাঁরা নতুন করে ঋণ নিয়ে চামড়া কিনতে পারেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ নির্দেশনায় বলা হয়েছে, চামড়াশিল্প দেশের একটি সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত এবং কোরবানির ঈদেই বছরের প্রায় অর্ধেক কাঁচামালের জোগান আসে। এ–জাতীয় সম্পদ রক্ষায় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থের জোগান নিশ্চিত করা জরুরি।
পুরোনো ঋণে বিশেষ ছাড় প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব চামড়া ব্যবসায়ীর আগে পুনঃ তফসিল করা ঋণ আছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। সাধারণত পুনঃ তফসিল করা ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কিস্তি বা ‘কম্প্রোমাইজড অ্যামাউন্ট’ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে। তবে কোরবানির চামড়া কেনার স্বার্থে এই কিস্তি আদায়ের বাধ্যবাধকতা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে খেলাপি বা পুরোনো ঋণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা চামড়া কেনার জন্য নতুন মূলধনি ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে। ব্যাংকগুলোকে এ বছর চামড়া খাতে ঋণ বিতরণের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। এই লক্ষ্যমাত্রা কোনোভাবেই গত বছরের (২০২৫ সাল) চেয়ে কম হতে পারবে না। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দ্রুত ঋণ মঞ্জুর ও বিতরণ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পান।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকগুলোকে চামড়া ঋণের লক্ষ্যমাত্রা এবং কত টাকা বিতরণ করা হলো, সেই তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগে পাঠাতে হবে।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৪: ১১
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!