
লোকজনের চিৎকার শুনে ঘর থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বের হয়েছিলেন এক ব্যক্তি। এরপরই তাঁরা তিন বন্য হাতির সামনে পড়েন। মুহূর্তেই হাতিগুলো তাঁদের ওপর আক্রমণ শুরু করে। পরে এক সন্তানকে কোলে তুলে তিনি পালাতে সক্ষম যান। তবে আটকা পড়েন তাঁর স্ত্রী ও মেয়ে।
লোকজনের চিৎকার শুনে ঘর থেকে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বের হয়েছিলেন মো. একরাম মিয়া (৩৫)। এরপরই তাঁরা বন্য হাতির পালের সামনে পড়েন। মুহূর্তেই হাতিগুলো তেড়ে আসে। হাতির কাছাকাছি থাকা ছেলেকে কোলে নিয়ে দৌড়ে নিরাপদ দূরত্ব চলে যান তিনি। সেখান থেকে দেখেন, তাঁর স্ত্রী আছমা বিবি (২৫) ও মেয়ে ছেমন আরাকে (৩) হাতি শুঁড়ে তুলে আছাড় দিয়ে পায়ে পিষ্ট করছে। চোখের সামনেই স্ত্রী ও মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু দেখলেও কিছুই করতে পারেননি তিনি। আজ বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একরাম মিয়া ও তার ছয় বছরের ছেলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ক্ষুধার্ত হাতির পালটি আক্রমণাত্মক ছিল। হাতির সামনে পড়াতে মা-মেয়ের পালানোর কোনো সুযোগ ছিল না। হাতির পাল লোকজনের ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি গাছের আম ও কাঁঠাল খেয়ে ফেলেছে। আক্রান্ত পরিবারটি বন বিভাগের জমিতে ঘর তুলে কয়েক বছর ধরে বসবাস করে আসছে। সৈয়দ কলোনির বাসিন্দা কৃষক বেলাল উদ্দিন বলেন, ভোরের দিকে হঠাৎ করে তিনটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। এসব হাতি সৈয়দ কলোনির কয়েকটি বসতঘরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলতে শুরু করে। লোকজনের হইচই শুনে ঘর থেকে বের হন তিনি। বেরিয়েই পড়ে যান হাতির সামনে। এ সময় একরাম মিয়া ছেলে রেহান উদ্দিনকে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। আর ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের ধোয়াপালং বন রেঞ্জ কর্মকর্তা মো. মোসাদ্দেক হোসেন বলেন, খাদ্যের সন্ধানে হাতির পাল লোকালয়ে নেমে এসেছিল। ঘটনার পর পালটিকে বনে তাড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহত মা-মেয়ের সুরতহাল সম্পন্ন করে। দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করা হবে।Published: আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৩০
Source: https://www.prothomalo.com/bangladesh/district/4dqxt1zyzo
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!