
১৫ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে সুজিত মুস্তাফা ও মুনমুন আহমেদের যুগল পরিবেশনা, ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’। আয়োজন করেছে আর্টিস্ট ক্লাব।
১৯৯৩ সালে বিয়ে করেন মুনমুন আহমেদ ও সুজিত মোস্তাফা। সে হিসেবে তাঁদের দাম্পত্য জীবন তিন দশকের বেশি। তবে এবারই প্রথম একসঙ্গে মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন এই তারকা দম্পতি। ১৫ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে তাঁদের যুগল পরিবেশনা, ‘এন ইভিনিং অব মিউজিক অ্যান্ড ড্যান্স’। অনুষ্ঠানটির আয়োজন করেছে আর্টিস্ট ক্লাব। মুনমুন আহমেদ বলেন, ‘বিভিন্ন সময় আর্টিস্ট ক্লাবে আমাদের আলাদা আলাদা অনুষ্ঠান হয়। তখন দর্শকেরা প্রায়ই বলেন, সুজিতের গানের সঙ্গে আমার নাচ বা আমার নাচের সঙ্গে তার গান যদি একসঙ্গে মঞ্চে আসে, তাহলে কেমন হয়! একসময় মনে হলো, বিষয়টা সত্যিই দারুণ কিছু হবে। আমরা দুজন দুজনকে ভালো বুঝি। তাই এ ধরনের আয়োজন আলাদা এক আবহ তৈরি করবে।’ স্বামী–স্ত্রী পরিচয়ের বাইরে সহশিল্পী হিসেবে এই মঞ্চে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে মুনমুন আরও বলেন, ‘সুজিত তো অসাধারণ গুণী একজন শিল্পী। তার সঙ্গে মঞ্চে পারফর্ম করাটা অবশ্যই চ্যালেঞ্জের। তবে একই সঙ্গে এটি দারুণ আনন্দের এবং অনুপ্রেরণার।’ দুই ঘণ্টার আয়োজনটিতে সুজিত মুস্তাফা একাই গাইবেন প্রায় দেড় ঘণ্টা। নিজের মৌলিক গান, জনপ্রিয় গান এবং তাঁর বাবা আবু হেনা মোস্তফা কামালের লেখা গান গাইবেন তিনি। বিশেষ একটি পর্বে থাকবে দুটি যুগল পরিবেশনা—যেখানে একই সময়ে মঞ্চে গান করবেন সুজিত মোস্তফা আর নাচবেন মুনমুন আহমেদ। থাকবে মুনমুন আহমেদের একক পরিবেশনাও। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের টিকিটমূল্য ৫ হাজার টাকা। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগীতচর্চায় আছেন সংগীতশিল্পী সুজিত মুস্তাফা। অন্যদিকে নৃত্যশিল্পী মুনমুন আহমেদও নাচে কাটিয়ে দিয়েছেন প্রায় পাঁচ দশক।Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৮: ৩০
Source: https://www.prothomalo.com/entertainment/song/vhl5csstgf
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!