
বিশ্বকাপের আগে চোটের মিছিল বাড়ছে। এসিএল চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডাচ মিডফিল্ডার জাভি সিমন্স।
হাঁটুর লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় মৌসুমের বাকি সময় আর মাঠে নামা হচ্ছে না জাভি সিমন্সের। এই চোটে শেষ হয়ে গেছে তাঁর বিশ্বকাপে খেলার স্বপ্নও। প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে টটেনহামের ১-০ গোলে জয়ের ম্যাচে গুরুতর চোট পান সিমন্স। দ্বিতীয়ার্ধে উলভস ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে সংঘর্ষে মাঠে পড়ে যান ২৩ বছর বয়সী এ ডাচ অ্যাটাকিং মিডফিল্ডার। শুরুতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও আবারও পড়ে যান সিমন্স। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হাঁটুতে অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। টটেনহাম নিশ্চিত করেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিমন্সের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে সিমন্স লিখেছেন, ‘লোকে বলে জীবন নিষ্ঠুর হতে পারে, আজ ঠিক তেমনটাই মনে হচ্ছে। মৌসুমটা হঠাৎ থমকে গেল, আমি এখনো মেনে নেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, আমার মন খুব খারাপ।’ সাধারণত হাঁটুর লিগামেন্ট বা এসিএল আংশিক বা পুরোপুরি ছিঁড়ে গেলে তা থেকে সেরে উঠে মাঠে ফিরতে অন্তত ছয় থেকে নয় মাস সময় লাগে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১৪ জুন ‘এফ’ গ্রুপে জাপানের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াই করা টটেনহামের বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত করছি যে জাভি সিমন্সের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে। এরপর আমাদের মেডিক্যাল টিমের অধীনে তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হবে।’ লিগে টটেনহামের হাতে বাকি আর ৪ ম্যাচ। ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে ১৮তম টটেনহাম। ৩৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৭তম ওয়েস্ট হাম ইউনাইটেড। চলতি মৌসুমে টটেনহামের হয়ে লিগে ২৮ ম্যাচের ১৯টিতেই একাদশে ছিলেন সিমন্স। সব মিলিয়ে ৪১ ম্যাচে করেছেন ৫ গোল��� মাঠের পারফরম্যান্সে খুব একটা বড় প্রভাব ফেলতে পারেননি। নেদারল্যান্ডসের হয়ে ৩৪ ম্যাচে ৬ গোল করেছেন সিমন্স। এসিএল চোটে এর আগে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ব্রাজিলের উইঙ্গার রদ্রিগো। ফ্রান্সের উগো একিতিকে, আর্জেন্টিনার হুয়ান ফয়েথ, হোয়াকিন পানিচেল্লি, জার্মানির সার্জ নাবরিও ছিটকে পড়েছেন বিশ্বকাপ থেকে। শঙ্কা আছে লামিনে ইয়ামাল, মোহামেদ সালাহ, এস্তেভাও, আরদা গুলের ও এদের মিলিতাওয়ের বিশ্বকাপে খেলা নিয়েও। ইয়ামালের মৌসুম শেষ হয়ে গেছে আর সালাহ গত শনিবার লিভারপুলের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। মিসরীয় তারকার মৌসুমও শেষ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে লিভারপুলের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন সালাহ। কারণ, এর আগে তিনি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা দেন।Published: প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১১: ৪৭
Source: https://www.prothomalo.com/sports/football/9ee7er102z
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!