
রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: কৃষিক্ষেত্রে ফসফরাসের আইসোটোপের ব্যবহার লেখো।
উত্তর: ফসফরাসের তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে কৃষিক্ষেত্রে উন্নত মানের বীজ উদ্ভাবন করা হয়। এই বীজের মাধ্যমে ফলনের মানের উন্নতি ও পরিমাণ বাড়ানো হয়। তেজস্ক্রিয় 32P যুক্ত ফসফেট দ্রবণ উদ্ভিদের মূলধারায় সূচিত করা হয়। গাইগার কাউন্টার ব্যবহার করে ফসফরাস আইসোটোপের পুরো উদ্ভিদে চলাচল চিহ্নিত করে কী কৌশলে উদ্ভিদ বেড়ে ওঠে, তা জানা যায়।
প্রশ্ন: সমযোজী যৌগের বৈশিষ্টগুলো লেখো।
উত্তর: সমযোজী যৌগের বৈশিষ্ট্য—
১. পরমাণুর বহিঃস্তর পূর্ণ ইলেকট্রনীয় কাঠামো অর্জনের জন্য জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার করে ও সমযোজী বন্ধন গঠন করে।
২. সাধারণত অপোলার।
৩. আয়নিত হয় না।
৪. তড়িৎ পরিবহন করে না।
৫. পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়।
৬. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক কম হয়।
৭. রাসায়নিক বিক্রিয়ার গতি ধীর হয়।
প্রশ্ন: আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো।
উত্তর: আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ—
১. আয়নিক যৌগ উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট।
২. গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবাহী।
৩. এরা সাধারণত পানিতে দ্রবণীয়।
৪. আয়নিক যৌগ জৈব দ্রাবকে অদ্রবণীয়।
৫. রাসায়নিক বিক্রিয়ার গতি দ্রুত।
প্রশ্ন: একই স্থূল সংকেত একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য—ব্যাখ্যা করো।
উত্তর: স্থূল সংকেত যৌগের অণুতে বিদ্যমান মৌলগুলোর পরমাণুর সংখ��যার অনুপাত প্রকাশ করে। ফলে ভিন্ন আণবিক ভরবিশিষ্ট দুটি যৌগের স্থূল সংকেত এক হতে পারে। বেনজিনের আণবিক সংকেত C6H6, অ্যাসিটিলিনের আণবিক সংকেত C2H2। উভয়েরই পরমাণুর সংখ্যার অনুপাত C:H=1:1। ফলে উভয়েরই স্থূল সংকেত একই (CH) হয়।
প্রশ্ন: আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?
উত্তর: আয়নিক যৌগের প্রতিটি আয়ন তার চতুর্দিকে বিপরীত চার্জযুক্ত আয়ন দ্বারা পরিবেষ্টিত থাকে। এসব আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা এমনভাবে আবদ্ধ থাকে যে তাদের পরস্পর থেকে আলাদা করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এ কারণেই আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি।
প্রশ্ন: রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয় কেন?
উত্তর: রাসায়নিক সাম্যাবস্থায় একই সঙ্গে সম্মুখ ও পশ্চাৎ দুই বিক্রিয়াই সংঘটিত হয়। এ অবস্থায় সম্মুখ বিক্রিয়া যে হারে ঘটে, পশ্চাৎ বিক্রিয়া একই হারে ঘটে। তাই আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় এটি একটি স্থির অবস্থা। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি গতিময় অবস্থা। তাই রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় অবস্থা বলা হয়।
প্রশ্ন: অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন থেকে উত্তম জ্বালানি কেন?
উত্তর: অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। কার্বন ও হাইড্রোজেন উভয়েই দাহ্য পদার্থ। তবে কার্বনের তুলনায় হাইড্রোজেন অধিকতর দাহ্য। অ্যালকিন বা অ্যালকাইন থেকে অ্যালকেনে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে বলে অ্যালকেন উত্তম জ্বালানি।
প্রশ্ন: খাদ্য সংরক্ষণে ভিনে��ারের ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: ভিনেগার হলো ইথানয়িক অ্যাসিডের 4%-10% জলীয় দ্রবণ। ভিনেগার ব্যবহার করলে তা খাদ্যদ্রব্য পচার জন্য দায়ী ব্যাকটেরিয়াকে
ধ্বংস করে। এতে খাদ্যদ্রব্য পচনের হাত থেকে রক্ষা পায়।
প্রশ্ন: ‘কার্যকরী মূলক জৈব যৌগের ধর্ম নিয়ন্ত্রণ করে’—ব্যাখ্যা করো।
উত্তর: কোনো সমগোত্রীয় শ্রেণির সব সদস্য একই ধরনের রাসায়নিক ধর্মাবলি প্রদর্শন করে। পক্ষান্তরে ভিন্ন সমগোত্রীয় শ্রেণির সদস্যগুলোর রাসায়নিক গুণাবলির মধ্যে যথেষ্ট বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। এর কারণ প্রতিটি সমগোত্রীয় শ্রেণির সদস্যগুলোর অণুতে একটি নির্দিষ্ট কার্যকরী মূলক উপস্থিত থাকে, যা সে শ্রেণির সব রাসায়নিক ধর্মে সাদৃশ্য বিধান করে এবং অন্য সমগোত্রীয় শ্রেণির সদস্যগুলোর ধর্ম থেকে ভিন্নতা দেখায়। তাই কার্যকরী মূলক জৈব যৌগের ধর্ম নিয়ন্ত্রণ করে।
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১৪: ৩৭
Source: https://www.prothomalo.com/education/examination/ajb341ikf4
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!