
এসএসসি পরীক্ষা ২০২৬। পদার্থবিজ্ঞান : সংক্ষিপ্ত উত্তর—প্রশ্নস্পন্দন গতি হলো একপ্রকার পর্যাবৃত্ত গতি
পদার্থবিজ্ঞান: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন প্রশ্ন: যান্ত্রিক ত্রুটি বলতে কী বোঝো? উত্তর: স্লাইড কালিপার্সের ক্ষেত্রে, মূল স্কেলের চোয়াল ও ভার্নিয়ার স্কেলের চোয়াল যখন লেগে থাকে, তখন সাধারণত ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে যায়। যদি ভার্নিয়ার স্কেলের ও মূল স্কেলের শূন্য দাগ না মেলে, তবে ওই যন্ত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে মনে করা হয়। আবার স্ক্রুগজের ক্ষেত্রে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যখন রৈখিক স্কেলের শূন্য দাগের সঙ্গে না মেলে, তবে ধরে নিতে হবে যন্ত্রে ত্রুটি রয়েছে। এ ত্রুটিকেই যান্ত্রিক ত্রুটি বলা হয়। প্রশ্ন: এসআই (SI) একক বলতে কী বোঝায়? উত্তর: এসআই এককের পুরো নাম International system of units। বাংলায় বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে বোঝাতে SI (এসআই) ব্যবহার করা হয়। দৈনন্দিন কাজকর্ম ও ব্যবসা–বাণিজ্যের কারণে প্রাচীনকাল থেকেই মাপজোখের প্রচলন ছিল। এ মাপজোখের জন্য বিভিন্ন রাশির স্থানীয় বা এলাকাভিত্তিক বহু এককের প্রচলন ছিল। বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান ও ব্যবসা–বাণিজ্যের প্রসারের জন্য সারা বিশ্বে একই রকম মাপের প্রয়োজন হয়ে পড়ে। এ জন্য ১৯৬০ সাল থেকে বিভিন্ন রাশির একই রকম একক চালু করার সিদ্ধান্ত হয়। এককের এ পদ্ধতিকে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি বা সংক্ষেপে এসআই (SI)। প্রশ্ন: স্ক্রুগজের ত্রুটি ব্যাখ্যা করো। উত্তর: স্ক্রুর মাথা যখন স্থায়ী কীলক বা সমতল প্রান্ত স্পর্শ করে, তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে যাওয়া উচিত। যদি না মেলে, তাহলে বুঝতে হবে যান্ত্রিক ত্রুটি রয়েছে। বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে, তাহলে যান্ত্রিক ত্রুটি হবে ধনাত্মক (+e) আর যদি বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের ওপরে থাকে, তাহলে যান্ত্রিক ত্রুটি হবে ঋণাত্মক (-e)। প্রশ্ন: লঘিষ্ঠ গণন বলতে কী বোঝো? উত্তর: স্ক্রুগজের বৃত্তাকার স্কেলের মাত্র এক ভাগ ঘোরালে স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে বলা হয় যন্ত্রের লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠমান। স্ক্রুগজের সাহায্যে পাঠ নেওয়ার আগে লঘিষ্ঠ মান নির্ণয় করতে হয়। বৃত্তাকার স্কেলের শূন্য দাগের সঙ্গে রৈখিক স্কেলের শূন্য দাগ মিলিয়ে নিতে হয়। বৃত্তাকার স্কেলটিকে একবার ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে, তাকে ওই যন্ত্রের দৌড় বা পিচ বলে। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ মান পাওয়া যায়। এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকাPublished: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২: ৪৪
Source: https://www.prothomalo.com/education/examination/vkmazv48ms
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!