
জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেসকোর প্রতিনিধিদলের সাক্ষাতে শিক্ষা ও সাইবার–নিরাপত্তা বিষয়ে সহযোগিতা আলোচনা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে আজ বুধবার ইউনেসকোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, ইউনেসকোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা–সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি।
ইউনেসকো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করবে।
Published: প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৪: ৫৬
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!