
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চলন্ত শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ইসরাত ফাতেমা নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নিউমার্কেটের বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর ইসরাত ফাতেমার কপালে আঘাত করে। এতে তাঁর কপাল ফেটে রক্তপাত শুরু হয়। পরে সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন বলেন, ইসরাত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক নয়। তাঁর কপালের ক্ষতস্থানে একটি সেলাই দেওয়া হয়েছে এবং তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, যেসব স্থানে এ ধরনের ঘটনা ঘটছে, সেসব এলাকার পার্শ্ববর্তী বস্তি বা দখল করা স্থান উচ্ছেদের বিষয়ে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। নিরাপত্তা জোরদারে ইতিমধ্যে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এসব পদক্ষেপে এমন ঘটনা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তিনি।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬: ৫৪
Source: https://www.prothomalo.com/bangladesh/district/0113qjgj4j
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!