
চাঁদপুর পৌরসভার পালপাড়ায় পাশাপাশি দুটি চারতলা ভবন হেলে একটির সঙ্গে আরেকটি লেগে যাওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন বাসিন্দারা। এ ঘটনায় আজ সোমবার সকাল থেকে পৌর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি ভবন থেকে লোকজন সরিয়ে নিচ্ছেন। পৌরসভা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পাশের ভবনের মালিক মো. শাহ আলম ঢালী লিখিত অভিযোগ করেন যে একটি ভবন আরেকটির দিকে হেলে পড়েছে। অভিযোগ পাওয়ার পর গতকাল রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে দুই ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ভবন দুটি খালি করার জন্য সতর্কীকরণ নোটিশ টাঙানো হয়। যে ভবনটি হেলে পড়েছে, তার মালিক মো. শহজাহান পাটোয়ারী বলেন, ‘আমরা এই চারতলা ভবনে মাত্র ৯ জন লোক রয়েছি। আজই মালামাল সরিয়ে নেব।’ তিনি আরও বলেন, ‘আমি সৌদি আরব থাকাকালে পৌরসভার অনুমোদন নিয়ে ২০১৫ সালে জনৈক ঠিকাদারের মাধ্যমে বাড়িটি করেছি। এখন যে সমস্যা দেখা দিয়েছে, সেটা ত্রুটি থাকলে আমি পৌরসভাকে সহযোগিতা করব।’ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, দুটি ভবন পৌরসভার অনুমতি নিয়ে করলেও তাঁরা পৌরসভার নিয়ম না মেনে গা ঘেঁষে পাশাপাশি ভবন দুটি করেছেন। এর ফলে বা যেকোনো কারণেই হোক একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন হেলে পড়েছে। তিনি বলেন, ‘আমরা দুটি ভবনের মালিককে আগের দিন সতর্কীকরণ নোটিশ দিয়েছি, যেন দ্রুত তাঁরা ভবন খালি করে দেন। আজ আমরা অভিজ্ঞদের নিয়ে আবারও ভবন দুটি সরেজমিনে পরিদর্শন করেছি। দুটি ভবনে থাকা লোকজনকে আজকের মধ্যে ঘর ছাড়তে বলেছি। এ জন্য একটি তদন্তদল গঠন করে তাদের মতামত নিয়ে কাজ করব।’
Published: প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০: ১৯
Source: https://www.prothomalo.com/bangladesh/district/zuy4c9vlqd
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!