
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং শক্তিশালী ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,...
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, তেলের বাজারে অস্থিরতা এবং শক্তিশালী ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা দিয়েছে। সোমবার (৪ মে) লেনদেন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমে যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ১১টা ৪০ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫৩ ডলার ৫৩ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৫ ডলার ৪০ সেন্টে লেনদেন হয়। বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে সরে গিয়ে ডলারের দিকে ঝুঁকছেন। ফলে স্বর্ণের ওপর চাপ বেড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ায় বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগও বেড়েছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এ দাবি অস্বীকার করেছে। এই পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৩ ডলার ছাড়িয়েছে। বায়বিটের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে মার্কিন ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। গত বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড সুদের হার অপরিবর্তিত রাখে। তবে তেলের দাম বাড়তে থাকায় সুদের হার কমানোর পরিকল্পনা পিছিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে ঋণের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে। আজকের বাজারে লেনদেনের পরিমাণও তুলনামূলক কম ছিল। চীন, জাপান ও যুক্তরাজ্যে সরকারি ছুটি থাকায় এসব দেশের বাজার বন্ধ ছিল, ফলে বিশ্ববাজারে লেনদেনের গতি কমে যায়। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩ ডলার ৪ সেন্টে নেমেছে। এছাড়া প্লাটিনাম ২ দশমিক ৫ শতাংশ এবং প্যালাডিয়াম ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। বিশ্ববাজারে স্বর্ণের এই বড় পরিবর্তনের প্রভাব কয়েক দিনের মধ্যে বাংলাদেশের বাজারেও পড়তে পারে। স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দর ঘোষণা করতে পারে।Published: প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৫০
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!