
বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে লুট হওয়া ৬০০ বস্তা চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বগুড়া থেকে ঢাকায় যাওয়ার পথে লুট হওয়া ৬০০ বস্তা চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে লুট হওয়া প্রায় তিন হাজার কেজি চাল ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। লুটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের একাধিক গুদাম ও ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন গুদাম মালিক লিটন সরকার (৪০) ও কর্মচারী সুমন সরকার (৪৬)। তাঁরা কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বগুড়ার শেরপুর এলাকা থেকে ৬০০ বস্তা কাটারিভোগ চাল কিনে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোমবার রাতে ঢাকার উদ্দেশে রওনা দেন। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে রাস্তা আটকে দেয় দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে চালক ও সহকারীকে জিম্মি করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে পাশের ধানখেতে ফেলে রেখে তারা চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ট্রাকটির অবস্থান শনাক্ত করে গাজীপুরের কালিয়াকৈর থানার পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পুলিশ আরও জানায়, অভিযানের এক পর্যায়ে ফুলবাড়িয়ার কেএনবি বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করা হয়। পরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়। ভুক্তভোগী চাল ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, বগুড়ার শেরপুর থেকে তিনি চাল নিয়ে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুর্বৃত্তরা চালকসহ ট্রাক লুট করে নিয়ে যায়। পুলিশ দ্রুত সময়ে লুট হওয়া চাল উদ্ধার করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় খুব অল্প সময়ের মধ্যে ট্রাকটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এরপর অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।Published: প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১২: ২৫
Source: https://www.prothomalo.com/bangladesh/district/9zofdgglyq
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!