
গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগের প্রজ্ঞাপন জারির দুই দিনের মাথায় তা বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারির দুই দিনের মাথায় তা বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৩ মে জারি করা ডিজি নিয়োগসংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (গবেষণা) নিজ দায়িত্বের পাশাপাশি ব্রির মহাপরিচালকের শূন্য পদের বিপরীতে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে কৃষি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নতুন করে মহাপরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, ৩ মে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলামকে নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়। তাঁর নিয়োগ ঘিরে গতকাল সোমবার দিনভর দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিয়োের পরপরই প্রতিষ্ঠানটির একাংশের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নতুন ডিজিকে ‘ফ্যাসিবাদের দোসর’ ও ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভে নামেন। পাল্টা অবস্থান নেয় আরেকটি পক্ষ। তাদের দাবি, নিয়োগটি যথাযথ প্রক্রিয়ায় হয়েছে।
গতকাল সকাল থেকে উভয় পক্ষই মহাপরিচালকের কার্যালয়ের সামনে ব্যানার ও লোকজন নিয়ে অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি স্লোগান দেয়। বিক্ষোভকারীদের একটি অংশ ইনস্টিটিউটের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করে। এতে গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
Published: প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৭: ১০
Source: https://www.prothomalo.com/bangladesh/district/16d5fessbt
Comments Section
Comments
Processing your comment...
Share Your Thoughts
No comments yet
Be the first to share your thoughts!